সরকার ভাড়া নির্দিষ্ট করে দিলেও রাজধানীর লোকাল বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। অভ্যন্তরীণ রুটে ৫ থেকে ১৫ টাকা বাড়তি নেওয়ার অভিযোগ তাদের।
তবে, দূরপাল্লার বাসে এখনও আগের ভাড়াই নেওয়া হচ্ছে। বিআরটিএ নতুন ভাড়ার তালিকা দিলে সরকার নির্ধারিত ভাড়া নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।
জ্বালানি তেলের দাম বাড়ার পর মঙ্গলবার ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটার ১৭ পয়সা বাড়ায় সরকার।
নতুন ভাড়া চালুর পর প্রথম দিন বুধবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান যাত্রীরা। রাজধানীর লোকাল বাসে সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি নেওয়ার অভিযোগ তাদের। বলছেন, তেলের দাম বাড়ানোর পর থেকেই বিভিন্ন রুটের বাসে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে।
দূরপাল্লার বাসের মালিক-শ্রমিকরা বলছেন, বিআরটিএ থেকে নতুন ভাড়ার তালিকা না পাওয়ায় আগের ভাড়াই নিচ্ছেন তারা। নতুন তালিকা পেলে নতুন ভাড়া নেওয়া হবে।
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাড়তি বাস ভাড়ার কারণে জীবনযাত্রার ব্যয় বাড়বে, বলছে সাধারণ মানুষ। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যেই জ্বালানি ও বাস ভাড়া বৃদ্ধি ভোগান্তি আরও বাড়াবে বলেও মন্তব্য করেন তারা।