গণমাধ্যমকে সরকার নিয়ন্ত্রণ করতে চায় না: তথ্য প্রতিমন্ত্রী 

গণমাধ্যমকে সরকার নিয়ন্ত্রণ করতে চায় না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। এটি অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। অপতথ্য, গুজব বন্ধ করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। গণমাধ্যমকে সরকার নিয়ন্ত্রণ করতে চায় না।

তিনি বলেন, সাংবাদিকদের আইনের আওতায় আনতে হলে আদালতের অনুমতির যে প্রস্তাব সাংবাদিকরা দিয়েছেন, সেটি বিবেচনা করা হচ্ছে। অনেকে অপপ্রচার, অসত্য তথ্য প্রচার করে। তাদের বিরুদ্ধে সরকারকে পদক্ষেপ নেবে।

ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিকদের ওয়েজবোর্ড নিয়ে কাজ করছে সরকার। টেলিভিশন সাংবাদিকদের একটি বেতন কাঠামোয় আনা উচিৎ। এটি নিয়ে কাজ চলছে, দ্রুততম সময়ে এ বিষয়ে সিদ্ধান্তে আসার চেষ্টা করা হবে। সরকার এ বিষয়ে আন্তরিক। শ্রম মন্ত্রণালয় এটি বাস্তবায়নকারী। অফিশিয়ালি বা ব্যক্তিগতভাবে তাদের সাথে যোগাযোগ করা হবে।