শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রির কারণে রাজধানীর বাংলাবাজারে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড- ইউপিএলের বিক্রয়কেন্দ্র বন্ধের অভিযোগ উঠেছে। দুই বিক্রয়কর্মীকে হেনস্তার পর ফরিদাবাদ পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় একদল লোক। এ বিষয়ে কিছুই জানা নেই বলছেন ডিএমপির কর্মকর্তারা। তবে এখনো তালাবদ্ধ বিক্রয়কেন্দ্রটি।
সোমবার বিকেলে রাজধানীর বাংলাবাজারে ইউপিএলের বিক্রয়কেন্দ্রে গিয়ে সেটি বন্ধ করে দেয় বেশ কয়েকজন। শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বই বিক্রির অভিযোগে তালা ঝুলিয়ে দেয়া হয় বিক্রয়কেন্দ্রে। এসময় হেনস্তা করা হয় বিক্রয়কর্মীদের।
বইটিকে নিষিদ্ধ হিসেবে দাবি করেন হামলাকারীরা। পরে দুই বিক্রয় কর্মীকে নিয়ে যাওয়া হয় ফরিদাবাদ পুলিশ ফাঁড়িতে। পরে পুলিশের মধ্যস্থতায় সমঝোতার পরে দুই কর্মীকে ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, ইউপিএলের ওই বিক্রয়কেন্দ্রটি বন্ধই রয়েছে।
এরপর থেকে বন্ধ রয়েছে ইউপিএলের স্বাভাবিক কার্যক্রম। তবে শিগগিরই আবারও বিক্রি শুরুর আশা তাদের।
এ বিষয়ে ডিএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন সঙ্গে যোগাযোগ করলে তিনি কিছুই জানেন না বলে জানান। এসময় তিনি নিজেই সূত্রাপুর থানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ করেননি ওসি।
অসমাপ্ত আত্মজীবনী বইটির ওপর কোনো নিষেধাজ্ঞা বা বিক্রি বন্ধে কোনো নির্দেশনার তথ্য নেই, বলছে প্রকাশনী সংস্থাটি।