ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি, যা বললেন মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে অপপ্রচার হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা মাহদী আমিন। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এসময় তিনি বলেন, ‘যেগুলো সত্য, সেগুলো ডিঙ্গিয়ে তারপরও মিথ্যা বা অপপ্রচার করা—এগুলো রাজনৈতিক সংস্কৃতি হওয়া উচিত না। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের একটা ছবি আপলোড করার পর সেটা নিয়ে অনেকে অপপ্রচার করছেন।’ 

মাহদী আমিন বলেন, ‘বাস্তবতা হচ্ছে সেটা হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে। এবং আজকে এই কিছুক্ষণ আগে আমেরিকান অ্যাম্বাসি ঢাকা থেকে সেটা শেয়ারও করা হয়েছে। তাহলে কেন এই মিথ্যাচার?’

উপদেষ্টা বলেন, ‘যা সত্য, যা ন্যায্য, সেটা ক্লিয়ার করার কিছু নাই। আজকে আমেরিকান এম্বেসি নিজেই সেটা শেয়ার করেছে। এর চাইতে বড় ক্লারিফিকেশন আমরা কি চাই?’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই আরও একটু গঠনমূলক আলোচনা-সমালোচনায় যাওয়া উচিত। যা সত্য এবং ন্যায্য সেটাকে তুলে ধরা, যেটা অনৈতিক, যেটা অন্যায্য সেটাকেও নির্মোহভাবে তুলে ধরা উচিত।’