শিশুদের প্রতিভা বিকাশই দেশের ভিত্তি: প্রধানমন্ত্রী

দেশের সব শিশুকে প্রতিভা বিকাশের সুযোগ দেওয়া গেলে দেশের ভিত্তি আরও মজবুত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, শিশুদের প্রতিভা বিকাশে ২০২৭ সাল থেকে আবারও নতুন কুঁড়ির কার্যক্রম পুরোদমে শুরু করা হবে।

বাংলাদেশ শিশু একাডেমিতে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আজ সোমবার এ কথা বলেন তিনি।

শিশুদের শিল্প-সংস্কৃতির পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তোলায় গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। বলেন, এই শিশুদের মধ্য থেকেই তৈরি হবে আন্তর্জাতিক খেলোয়াড়।

তিনি আরও জানান, লেখাপড়ার পাশাপাশি শিশুদের বিভিন্ন ভাষা শেখার সুযোগ তৈরি করা হবে। বাংলা ভাষার পাশাপাশি একাধিক বিদেশি ভাষা শেখানোর উদ্যোগ নেয়া হবে। সরকারপ্রধান জানান, পরিবেশ রক্ষায় প্রত্যেক শিশুকে দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে চায় সরকার।