কৃত্রিমভাবে ট্রেনের টিকিট ব্লকের অভিযোগে বন্ধ হলো যে ওয়েবসাইট

ট্রেনের অনলাইন টিকিট সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হওয়ার একদিন আগেই তা ব্লক করে সহজ ডট কমের কর্মীরা। ইনডিপেনডেন্ট টেলিভিশনে এমন সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসেছে রেলওয়ে। ট্রেন টিকিট ব্লক করে কালোবাজারির অভিযোগে একটি অননুমোদিত ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে রেলওয়ে জানায়, বুক মাই রেইলবিডি ডট কম নামের ওয়েবসাইটটি স্বয়ংক্রিয় বট ব্যবহার করে বিপুল সংখ্যক টিকিট কৃত্রিমভাবে ব্লক করে। পরে সেগুলো অতিরিক্ত দামে বিক্রি করে। এতে সাধারণ যাত্রীরা ন্যায্য দামের টিকিট থেকে বঞ্চিত হচ্ছেন।

এতে আরও বলা হয়, এছাড়া, বট প্রতিরোধে জরুরি কারিগরি ব্যবস্থা নিতে সহজ লিমিটেডকেও নির্দেশ দেওয়া হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশকে চিঠি দিয়েছে রেলওয়ে। একইসাথে ওয়েবসাইট, আইপি ও মোবাইল অ্যাপ বাংলাদেশে ব্লক করতে বিটিআরসিকে অনুরোধ করার কথা জানিয়েছে রেলওয়ে। 

টিকিট কাটতে যাত্রীদের শুধু অফিসিয়াল ওয়েবসাইট ও রেইল সেবা অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

এর আগে, বুধ ও বৃহস্পতিবার রেলের টিকিট ছাড়ার আগে ব্লক ও এনআইডির মত সংবেদনশীল তথ্য বিদেশে পাচার নিয়ে দুই পর্বের ধারাবাহিক অনুসন্ধানি রিপোর্ট প্রকাশ করলে যাত্রীসহ বিভিন্ন মহলে নানা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়।