সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার কারণে ঢাকার সঙ্গে রিয়াদের সঙ্গে ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ৩ হাজার ৪৩১ যাত্রী।
আজ সোমবার সকাল পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী ১০টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক( জনসংযোগ) কামরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় এখন পর্যন্ত মোট ১০টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর মধ্যে সৌদি আরবের সৌদিয়া এয়ারলাইন্সের তিনটি এবং রিয়াদ এয়ারের তিনটি ফ্লাইটও রয়েছে।
এদিকে এসব ফ্লাইট স্থগিতের কারণে ৩ হাজার ৪৩১ যাত্রী ভোগান্তিতে পড়েছেন। স্থগিত হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে রিয়াদগামীদের কারো ভিসার মেয়াদ রয়েছে মাত্র দুই থেকে তিন দিন। নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরবে পৌঁছাতে না পারলে ভিসার মেয়াদসহ নানা জটিলতায় পড়ার আশঙ্কা করছেন তাঁরা।