প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনে আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা: ডিবি 

মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তার সহযোগীদের অস্ত্র প্রদর্শনের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। তাতে আইনের ব্যত্যয় হয়ে থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

আজ রোববার সকালে রাজধানীতে ডিবি মিডিয়া সেন্টারে এসব কথা বলেন তিনি। এদিকে এক বিবৃতিতে ইশরাক হোসেন দাবি করেছেন, আত্মরক্ষার্থেই অস্ত্র প্রদর্শন করেছেন তিনি।

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সম্প্রতি নিজেই অস্ত্র হাতে নিয়ে মাদকবিরোধী অভিযানে যান। শনিবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই অভিযানের একটি ভিডিও শেয়ার করেন তিনি।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা তৈরি হয়। পরে ভিডিওটি সামাজিক মাধ্যম থেকে সরিয়ে নেন ইশরাক।

ভিডিওতে দেখা যায়, নিজের নির্বাচনী এলাকা ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইন-সংলগ্ন বস্তিতে আকস্মিক অভিযানে যান প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় আগ্নেয়াস্ত্র হাতে গাড়ি থেকে নেমে একদল লোককে তাড়া করতে দেখা যায়।

পরে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এসময় প্রতিমন্ত্রীর দেহরক্ষীরাও দৌঁড়ে কয়েকজনকে ধরার চেষ্টা করেন। এ সময় মাদক কারবারে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়।

এ বিষয়ে গেন্ডারিয়া থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ছয়জনকে আটক করে থানায় ফোন দেন। পরে থানা থেকে পুলিশ সদস্যরা গিয়ে তাদের নিয়ে আসে।