সৌদি আরবের বিমানবন্দরে হামলাজনিত পরিস্থিতির উন্নতি হওয়ায় ২৫ অক্টোবর থেকে রিয়াদগামী একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ ছাড়া দাম্মাম, জেদ্দা ও মদিনা রুটেও ফ্লাইট পরিচালনার সময়সূচি জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, ২৫ অক্টোবর দিনগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে ছেড়ে যাবে একটি ফ্লাইট। পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে রিয়াদগামী অন্য ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, ২১ অক্টোবর থেকে পুনরায় চালু হয়েছে দাম্মামগামী ফ্লাইট। ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ছেড়ে যাবে ফ্লাইট। এসব ফ্লাইট পরিচালনায় ব্যবহার করা হবে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ।
জেদ্দা রুটে আগামী ২২ অক্টোবর ঢাকা থেকে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে। অন্যদিকে, ১৮ অক্টোবর থেকে নিয়মিত চলছে মদিনাগামী ফ্লাইট। বোয়িং ৭৮৭ উড়োজাহাজ দিয়ে এ রুটে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত মদিনা রুটের ফ্লাইট কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
সৌদি আরবে হুতিদের হামলার জেরে কয়েকটি বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় গত ১০ অক্টোবর থেকে ঢাকা থেকে অন্তত ১৩৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২০ হাজার ২৫৪ জন যাত্রী।