কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানো ঠিক নয়: আইজিপি

কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানো ঠিক নয় বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার অনুমোদন দিলে পুলিশ প্রয়োজনে ক্রসফায়ার করতেও পিছপা হবে না বলে জানান তিনি।

শান্তিতে বসবাস করতে হলে পুলিশের বিকল্প নেই জানিয়ে আইজিপি আরও বলেন, গত দুই মাসে ২৭ জন পুলিশ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে। এ সময় তিনি সমালোচনা করেন অতিরিক্ত আইজিপির বাড়িতে গোয়েন্দা পুলিশের অভিযান নিয়ে দেশের ১০১ বিশিষ্ট নাগরিকের বিবৃতির।

আজ সোমবার রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন ব্যাংকটির চেয়ারম্যান ও পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির।

আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান আইজিপি। পাড়া-মহল্লায় মাদকের বিস্তার এবং মাদক কারবারের সঙ্গে পতিত আওয়ামী লীগের পাশাপাশি পুলিশের কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগও তুলে ধরেন তিনি।

আইজিপি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যদি প্রয়োজন হয় আর সরকার অনুমতি দেয় তাহলে যেকোনো ব্যবস্থা নিতে প্রস্তুত আছে পুলিশ। জাতিকে বিভ্রান্ত করতে গুজব ছড়াচ্ছে পতিত আওয়ামী লীগ। তাতে কান না দেওয়ার আহ্বান জানাই।