জ্বালানি সংকটে জাপান থেকে প্রায় ৩২ কোটি ডলারের জরুরি ঋণ পাচ্ছে বাংলাদেশ 

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে প্রায় ৩২ কোটি ডলার জরুরি ঋণ সহায়তা দেবে জাপান। আজ মঙ্গলবার সকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক শেষে এ ঘোষণা আসে। বৈঠকে চারটি সমঝোতা স্মারক সই হয়েছে।

এছাড়া, আগামী পাঁচ বছর জাপানের বেসরকারি খাত থেকে বাংলাদেশে এক ট্রিলিয়ন ইয়েন পর্যন্ত বিনিয়োগ এবং প্রায় ২ লাখ কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা জানিয়েছে টোকিও। দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতা গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্ত ইন্দো-প্যাসিফিক উদ্যোগের বিষয়ে অঙ্গীকার জানান। 

বৈঠক শেষে যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে। বঙ্গোপসাগর ঘিরে বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদারে আগ্রহ দেখিয়েছে জাপান। 

তিনি জানান, বিগ-বি উদ্যোগকে আধুনিকীকরণ করা হবে। এতে অবকাঠামো, বিদ্যুত, শক্তি, গভীর সমুদ্রবন্দর ও আইসিটি সমন্বিত শিল্প ভ্যালু চেইনে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাতারবাড়ি-মহেশখালী অঞ্চলকে প্রধান লজিস্টিক ও জ্বালানি হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা জানানো হয় বিবৃতিতে। ঢাকার শাহজালাল বিমানবন্দরের ৩য় টার্মিনাল দ্রুত চালু করার প্রতিশ্রুতি দিয়েছে জাপান।