ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ভুলবশত: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্য ভুলবশত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার সংবিধান সংশোধন কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি। 

এ সময় ক্রসফায়ার-গুম ঠেকাতে প্রয়োজনে বিদ্যমান আইনের বাইরে আরও আইন করা হতে পারে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। গুমের সংস্কৃতি চিরতরে বন্ধে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। 

সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক এটি। বুধবার দুপুরে সংসদের কেবিনেট কক্ষে এ বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আমলে নির্যাতন, গুম, হত্যার শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন কমিটির সদস্যরা।

বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রী জানান, গুম-হেফাজতে মৃত্যু ঠেকাতে যে আইনই প্রয়োজন, সব করবে সরকার।

এসময় বর্তমান সরকারের আমলে গুমের অভিযোগ ওঠা মিরাজ শেখের প্রসঙ্গ টানেন সাংবাদিকরা। জবাবে মন্ত্রী জানান, এ বিষয়ে সরকারের তদন্ত চলমান। পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকেও স্বাধীনভাবে তদন্তের আহ্বান জানানো হয়েছে।