আওয়ামী লীগ দল হিসেবে কিছু করতে পারবে, সেটা বিশ্বাস করি না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে কোনো কিছু করতে পারবে, সেটা বিশ্বাস করেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান।

জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি হিসেবে কোনো কিছু করতে পারবে সেটা বিশ্বাস করি না। কিন্তু যেহেতু তাদের কাছে প্রচুর টাকা পয়সা আছে; লুটের টাকা পয়সা, তারা কোথাও কোথাও কোনো না কোনো ফর্মে নাশকতা সৃষ্টির চেষ্টা করতে পারে, টাকা পয়সা খরচ করে। সেটার সাথে শ্রমিকদের এই আন্দোলনের সংযোগ করা ঠিক হবে না।

তিনি বলেন, এখন এই আন্দোলনের সাথে ডিসেম্বরের কোনো সংযোগ বা সম্পৃক্ততা আছে কি না, আমি ব্যক্তিগতভাবে মনে করি না।  

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, জীবনযাত্রার ব্যয় বাড়ছে। এতে গার্মেন্টস কর্মীদের জীবন কঠিন হয়ে উঠছে। এতে কোনো ভুল নেই। মূল্যস্ফীতি আছে। জ্বালানি, জ্বালানির মূল্য বাড়ছে এবং এটার সূত্র ধরে অনেক কিছুরই মূল্য বেড়ে যাচ্ছে। সেটার প্রতি সরকার সহানুভূতিশীল হয়েই আগেই মজুরি বোর্ড গঠন করেছে।