আগামী ৯ নভেম্বর শুরু হওয়া ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ ৩১) বাংলাদেশের প্রধান অগ্রাধিকার ৯টি বিষয়ে। এর মধ্যে রয়েছে—জলবায়ু অর্থায়ন ও সহজ শর্তে অনুদান, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলায় অর্থায়ন, কার্বন নিঃসরণ হ্রাস, ন্যায্য জ্বালানি রূপান্তর, কার্বন বাজার, নবায়নযোগ্য জ্বালানি, প্রকৃতিভিত্তিক সমাধান এবং জলবায়ু পদক্ষেপের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব।
আজ বৃহস্পতিবার দুপুরে কপ ৩১ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
মন্ত্রী জানান, এই সম্মেলনে বাংলাদেশের পক্ষে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের জাতীয় অবস্থান তুলে ধরে ন্যায্য জলবায়ু অর্থায়ন ও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরবেন তিনি।
জলবায়ু পরিবর্তন মন্ত্রী আরও জানান, সম্মেলনস্থলে ১০০ বর্গমিটারের বাংলাদেশ প্যাভিলিয়ন স্থাপন করা হচ্ছে। যেখানে তুলে ধরা হবে বাংলাদেশের জলবায়ু ঝুঁকি, অভিযোজন অভিজ্ঞতা, উদ্ভাবন ও স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগ।
প্রসঙ্গত, তুরস্কের আনতালিয়ায় আগামী ৯ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠেয় কপ ৩১ সম্মেলন অনুষ্ঠিত হবে।