এআই প্রযুক্তিতে সক্ষম দেশ গড়তে কাজ চলছে: রাষ্ট্রপতি

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সম্ভাবনা, ব্যবহার ও ব্যবসায়িক প্রয়োগ বিষয়ে রাজধানীতে শুরু হলো ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’। আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

রাষ্ট্রপতি বলেন, এআই ইঞ্জিনিয়ারিংকে শুধু ব্যয় কমানোর হাতিয়ার হিসেবে না দেখে নতুন পণ্য সৃষ্টি, নতুন কর্মসংস্থানের মাধ্যম হিসেবে দেখতে হবে। বাংলাদেশকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে সক্ষম দেশ হিসেবে গড়ে তুলতে জাতীয় পর্যায়ে কাজ শুরু করেছে সরকার। 

তিনি আরও বলেন, এআইয়ের প্রয়োগ ও উদ্ভাবনকে উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। 

এ ক্ষেত্রে গবেষণার পাশাপাশি সরকারি-বেসরকারি খাত, গবেষক, বিশ্ববিদ্যালয় ও তরুণ প্রজন্মের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এআই প্রযুক্তিকে অর্থনীতির চালিকাশক্তি হিসেবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সম্মিলিত প্রচেষ্টায় স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলা করে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। 

তিনি আরও বলেন, আন্তর্জাতিক গবেষণা অনুযায়ী আগামী কয়েক বছরে বিশ্ব অর্থনীতিতে ট্রিলিয়ন ডলারের মূল্য সংযোজন করবে এআই। তাই বাংলাদেশকেও এআই উদ্ভাবন ও প্রয়োগে সক্ষম দেশ হিসেবে গড়ে তুলতে হবে।