জিয়া উদ্যানে বাবা–মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তিনি আজ সকাল সাড়ে ৮টার দিকে বাবা–মায়ের সমাধিতে যান। 
এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার কয়েকজন সদস্যসহ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ছিলেন। 

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে সরকার ও দলের পক্ষ থেকে পৃথক শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর তিনি কবর জিয়ারতের অংশ হিসেবে মোনাজাতে অংশ নেন। 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবে রক্ষা পায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। মুক্ত হন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিশিষ্টজনদের মতে, এই বিপ্লবের মধ্য দিয়ে সূচনা হয় আধিপত্যবাদবিরোধী জাতীয়তাবাদী ও বহুদলীয় রাজনীতির নতুন অধ্যায়।

সরকার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে গুরুত্বের সঙ্গে পালন করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকাল সাড়ে ৯টায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন।  

পরে বেলা সাড়ে ১১টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।