আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়ে শহীদ হন নূর হোসেন।
বুকে-পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে রাজপথে নেমে নূর হোসেন হয়ে উঠেছিলেন গণতন্ত্রকামী মানুষের প্রতিবাদের প্রতীক।
ঐতিহাসিক এইদিনে আটদলীয় জোটের কর্মসূচিতে অংশ নিয়ে নূর হোসেন ঢাকার রাজপথে মিছিলে অংশ নেন।
তৎকালীন জিরো পয়েন্ট এলাকায় স্বৈরাচার এরশাদ সরকারের পুলিশের গুলিতে তিনি শহীদ হন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান বাবুল।
নূর হোসেনের এই আত্মত্যাগ তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে আরও বেগবান করে। তবে,এরপরও ক্ষমতায় টিকে ছিলেন এরশাদ।
আন্দোলনের সেই ধারাবাহিকতায় নানা রক্তক্ষয়ী ঘটনার পর ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন হয়। পরবর্তী সময়ে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসে।