ইসলামাবাদে ‘মারগালা ডায়ালগ’–এ যোগ দিলেন এনএসআই মহাপরিচালক

আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক ফোরাম ‘মারগালা ডায়ালগ ২০২৬’–এ অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গিয়েছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ।

আজ মঙ্গলবার এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। ১০ থেকে ১২ নভেম্বর ইসলামাবাদে এই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। এবারের আসরে মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া, পূর্ব এশিয়া এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের নীতিনির্ধারক, শীর্ষ কূটনীতিক, শিক্ষাবিদ ও কৌশলগত বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। 

জানা গেছে, ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউট (আইপিআরআই)-এর উদ্যোগে ২০১৯ সাল থেকে নিয়মিতভাবে এই সংলাপের আয়োজন হয়ে আসছে। বিশ্ব ও আঞ্চলিক ভূ-রাজনীতির সমসাময়িক প্রেক্ষাপটে এটি একটি অত্যন্ত পরিচিত ও নিয়মিত কূটনৈতিক প্ল্যাটফর্ম।

আঞ্চলিক ও বৈশ্বিক নানা সংকট নিয়ে খোলামেলা ও গঠনমূলক আলোচনার মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, শান্তিপূর্ণ সহাবস্থান এবং উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ রূপরেখা তৈরি করাই এই সংলাপের মূল লক্ষ্য।