গণমাধ্যমকে চাপে রেখে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এ কথা জানিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ের তথ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান তিনি।
সরকার বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে জানিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সংবাদ প্রচারের ক্ষেত্রে গণমাধ্যমকে বিষয়টি বিবেচনায় রাখার আহ্বানও জানান প্রতিমন্ত্রী। আগুন সন্ত্রাসের মূল হোতাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার প্রত্যয়ও জানান তিনি।
এদিকে, সভায় টেলিভিশন শিল্পের আর্থিক সক্ষমতা বাড়ানোর বিষয়টি তুলে ধরেন বিজেসি চেয়ারম্যান ফাহিম আহমেদ। তিনি বলেন, টেলিভিশন মিডিয়ার জন্য বিজ্ঞাপনের রেট বাড়ানো প্রয়োজন।
সেইসাথে, সাংবাদিকদের যথাসময়ে ও যথাযথ বেতন নিশ্চিত না হলে দায়িত্বশীল সাংবাদিকতা করা কঠিন উল্লেখ করে গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা ও আর্থিক সক্ষমতা নিশ্চিত করার দাবিও জানান তিনি।