পোশাককর্মীদের উসকানি দিয়ে অস্থিরতার চেষ্টা হয়েছিল, সেটা তারা বুঝতে পেরেছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, ময়মনসিংহ অঞ্চলে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষার কাজ চলছে। এ জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে। দূরত্বসহ বিভিন্ন বিষয় বিবেচনায় ত্রিশালে বিমানবন্দর নির্মাণের সম্ভাবনা রয়েছে।
বিমানমন্ত্রী বলেন, ময়মনসিংহ অঞ্চলে বিমানবন্দর নির্মাণের বিষয়ে ইতোমধ্যে পরামর্শক নিয়োগ করে সমীক্ষার কাজ শুরু হয়েছে। একটি বিমানবন্দর নির্মাণে কমপক্ষে দুই হাজার একর জমির প্রয়োজন। পাশাপাশি ঢাকার বিমানবন্দর থেকে এর দূরত্ব কমপক্ষে ১০০ কিলোমিটার হতে হবে। দূরত্বের বিবেচনায় ত্রিশালে বিমানবন্দর নির্মাণের সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, কতটি উড়োজাহাজ চলাচল করতে পারবে, কোন দিক থেকে উড়োজাহাজ অবতরণ করবে, অবতরণের পথ কত দূর পর্যন্ত বিস্তৃত হবে এবং বিমানবন্দরের সামগ্রিক সক্ষমতা কেমন হবে—এসব বিষয় নিয়ে বিস্তারিত সমীক্ষা চলছে। এটি বড় ও জটিল পরিকল্পনা। এ নিয়ে সরকারের অভ্যন্তরীণ কার্যক্রমও চলমান রয়েছে।
ময়মনসিংহে বিমানবন্দর নির্মিত হলে শুধু বৃহত্তর ময়মনসিংহ নয়, ঢাকার পর উত্তরাঞ্চলের বিস্তৃত এলাকাজুড়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে মনে করেন মন্ত্রী। তিনি বলেন, বিমানবন্দর নির্মাণের সঙ্গে বিপুল কর্মযজ্ঞ, কর্মসংস্থান, যোগাযোগব্যবস্থা ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন জড়িত। দায়িত্বে থাকাকালে এ প্রকল্প বাস্তবায়ন করতে পারলে তা তাঁর জীবনের অন্যতম মাইলফলক হবে।
এ সময় দেশের পোশাকশিল্পের পরিস্থিতি নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ফ্যাসিস্টের গুপ্তচরেরা পোশাকশ্রমিকদের উসকানি দিয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছিল। তবে শ্রমিকেরা বিষয়টি বুঝতে পেরেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকদের ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
অনুষ্ঠানে ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন, সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।