নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরআগে, আগুনের ঘটনায় গভীর উদ্বেগ জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশও দেন তিনি।

বৃহস্পতিবার সংসদ অধিবেশনের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বক্তব্য দেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ সময়,  নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ এনে, তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। 

নাহিদ অভিযোগ করেন, আওয়ামী লীগের বিচার প্রশ্নে সরকার আপস করছে।

নাহিদের বক্তব্য অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে ট্রেজারি বেঞ্চ ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন স্পিকার। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় আইনি পদক্ষেপের নির্দেশ দেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এনসিপি নেত্রীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি। ঘটনা খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস, বিজিবি ও স্থানীয় প্রশাসন।

বুধবার রাতে কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী এমপি নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ড হয়। এ ঘটনার জন্য নিষিদ্ধ ছাত্রলীগকে দায়ী করেছেন তিনি।