যেকোনো সংসদ সদস্যের (এমপি) জানমালের ওপরে হামলা কঠোরভাবে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এনসিপি নেতা নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুনের ঘটনায় রোববার জাতীয় সংসদে তার ক্ষুব্ধ প্রতিক্রিয়ার জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে জাতীয় সংসদে, এমপি নুসরাত তার গ্রামের বাড়িতে আগুনের ঘটনাকে লঘু নাশকতা হিসেবে দেখানোর চেষ্টায় দুবার আহত হয়েছেন বলে মন্তব্য করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিজেদের নিরাপত্তা দাবিও করেন নুসরাত।
এসময় নিজের দেওয়া বক্তব্যের ব্যখ্যা দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদে আলাপ করা হয় সংসদীয় ভাষায়। এখানে প্রভাবিত করার জন্য কোনো বিবৃতি দেওয়া হয় না।’
বিজিবি, ফায়ারসার্ভিস ও স্থানীয় প্রশাসনের যৌথ তদন্ত কমিটির রিপোর্ট সোমবার দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।