রোহিঙ্গা গণহত্যা: হেগের আদালতে ন্যায়বিচারের আশা 

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের রায় ঘোষণা কাল। এতে ন্যায়বিচার প্রত্যাশা করছেন রোহিঙ্গারা। পাশাপাশি নিরাপদ প্রত্যাবাসনের মাধ্যমে নিজ দেশে ফিরতে চান তারা। অভিবাসন বিশেষজ্ঞদের মতে, গাম্বিয়া ও মামলার পক্ষে থাকা দেশগুলোর সঙ্গে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু করা জরুরি।  

স্বজন হারানোর বেদনা, নির্যাতনের ক্ষত আর নিজভূমি থেকেই বাস্তুচ্যুতির যন্ত্রণা, সব মিলিয়ে দীর্ঘ আট বছর ধরে অনিশ্চিত জীবন কাটছে রোহিঙ্গাদের। ২০১৭ সালে রাখাইন থেকে পালিয়ে আসার পর থেকে তাদের জীবন বন্দি শরনার্থী ক্যাম্পের কাঁটাতারে।

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। সেই মামলার রায় ঘিরে নতুন আশায় বুক বাঁধছেন ভুক্তভোগীরা।

অবশ্য এই রায় রোহিঙ্গা সংকট সমাধানে কতটা ভূমিকা রাখবে এমন প্রশ্নও উঠছে।

অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর বলেন, ‌‘গাম্বিয়া ও মামলার পক্ষে থাকা দেশগুলোর সঙ্গে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু করা জরুরি।’  

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে মিয়ানমারের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় সমন্বিত কূটনৈতিক উদ্যোগের তাগিদ বিশেষজ্ঞদের।