আজ ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক। রাজধানীতে আয়োজিত বৈঠকে গঙ্গা ও পদ্মার পানি বণ্টন নিয়ে তথ্য বিনিময় করবেন দুই দেশের প্রতিনিধিরা। তবে গঙ্গা চুক্তির মেয়াদ বাড়ানো বা নতুন চুক্তির বিষয়টি আলোচনার অ্যাজেন্ডায় রাখা হয়নি বলে জানায় যৌথ নদী কমিশন।
শুকনো মৌসুমে মধ্য ও দক্ষিণ অঞ্চলে জলহীন থাকে পদ্মা। কারণ উজানে গঙ্গার ওপর ভারত গড়েছে ২৯টি বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্র।
১৯৭৭ সালে বাংলাদেশ-ভারত গঙ্গা পানি বণ্টন চুক্তি হয়। তখন শুকনো মৌসুমে ৩৪ হাজার ৫০০ কিউসেক পানি পাওয়ার চুক্তি হয়। ১৯৯৬ সালে দ্বিতীয় দফায় চুক্তি হয় ৩০ বছর মেয়াদি। সেখানে ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত উভয় দেশ ১০ দিন পরপর ৩৫ হাজার কিউসেক পানি পাওয়ার চুক্তি হয়।
গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ১২ ডিসেম্বর। তবে এবার প্রভাব ফেলতে পারে দুই দেশের মধ্যে রাজনৈতিক দূরত্ব, বলছেন বিশেষজ্ঞরা।
অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আশরাফ দেওয়ান ফোনকলের মাধ্যমে বলেন, ‘কথার কথা যদি ধরে নিই আগামী দুই বছর কোনো চুক্তি হচ্ছে না, এভাবে একটা ডেডলক হয়ে চুক্তিটি পড়ে থাকল। তাহলে কী হবে? তাহলে প্রথম কথা হলো–সমস্যাটা তো হবে আমাদের, তাদের তো আর হচ্ছে না। দ্বিতীয় কথা হলো, পদ্মা ব্যারেজ করার জন্য যে সরকার খুবই আগ্রহী, যদি পানি না থাকে তাহলে সেই পদ্মা ব্যারেজও তো কোনো কাজে আসবে না। আমি মনে করি সবকিছুর ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থ বিবেচনা করে সরকারকে একটু এগিয়ে গিয়ে কথা বলে বিষয়টা নিয়ে একটা সমাধানে আসা উচিৎ।’
গত ২২ মে কলকাতায় হয়েছিল গঙ্গার পানি বণ্টনের তথ্য আদান প্রদানের সবশেষ বৈঠক। চুক্তির মেয়াদ অনুযায়ী শেষ বৈঠক বসছে ঢাকায়।
যৌথ নদী কমিশনের সদস্য আনোয়ার কাদির বলেন, ‘গঙ্গা চুক্তি যেটা আছে সেটার তিনটি মিটিং হয়। গত রোববার একটি মিটিং হয়েছে। এটা ছিল তৃতীয় মিটিং। এটা খুবই একটা রুটিন মিটিং।’
গঙ্গাচুক্তির মেয়াদ তো শেষ হয়ে যাচ্ছে এ বিষয়ে অগ্রগতি থাকবে কিনা–এমন প্রশ্নের জবাবে আনোয়ার কাদির বলেন, ‘এই মুহূর্তে এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’
বিদ্যমান চুক্তি নবায়ন করা হলেও পানি পাওয়ার নিশ্চয়তা শর্ত যুক্ত করতে চায় বাংলাদেশ।