স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো। আজ রোববার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি সমুদ্রসীমার নিরাপত্তা এবং দুই দেশের কোস্ট গার্ডের সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গোপসাগরে বাংলাদেশের বিশাল সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ এবং সামুদ্রিক অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ড কাজ করছে। এ বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে ইতালি সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান তিনি।
মন্ত্রী বলেন, ইতালির নৌবাহিনীর চারটি মিনার্ভা ক্লাস কর্ভেট জাহাজ সংস্কার করে বাংলাদেশ কোস্ট গার্ডকে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে অফশোর প্যাট্রোল ভেসেল হিসেবে ব্যবহৃত এসব জাহাজ বঙ্গোপসাগরে নজরদারি ও টহল কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে।
বৈঠকে বাংলাদেশ কোস্ট গার্ডের গভীর সমুদ্রে টহল সক্ষমতা বাড়াতে ভবিষ্যতে জি-টু-জি পদ্ধতিতে অফশোর ও কোস্টাল প্যাট্রোল ভেসেল সংগ্রহের বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
এ ছাড়া বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তাদের জন্য ইতালিতে বিশেষায়িত প্রশিক্ষণের সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে রয়েছে সার্চ অ্যান্ড রেসকিউ, ড্রোন পরিচালনা, সমুদ্রে জাহাজে তল্লাশি ও অভিযান এবং সামুদ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও তথ্য বিশ্লেষণ।
জবাবে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট সার্জিও লিয়ার্দো বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি সামুদ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ, আধুনিক প্রযুক্তি, উদ্ধার অভিযান ও জলদস্যুতা দমনে ইতালির অভিজ্ঞতা এবং কারিগরি সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
এ ছাড়া দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে নিয়মিত যৌথ মহড়া, সেমিনার ও প্রশিক্ষণ বিনিময় কর্মসূচি আয়োজনের বিষয়ে একমত হন উভয় পক্ষ।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড ও ইতালীয় প্রতিনিধিদলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।