আগামী ৫ বছরের মধ্যে দেশের অন্তত ১ কোটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিড মিলের পাশাপাশি ব্যাগ, জুতাসহ নানা সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন ও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন-আইএলও আয়োজিত ‘শিশুশ্রম রোধে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
মাহদী আমিন বলেন, শিক্ষাক্ষেত্রে বাজেট বাড়াচ্ছে সরকার। বাড়ানো হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বৃত্তির পরিমাণও। এছাড়া স্নাতক পর্যন্ত নারীদের অবৈতনিক শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার।
তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায় থেকেই কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে। এতে ভবিষ্যতে বেকারত্ব কমবে।
শিশুশ্রমকে জাতীয় সমস্যা উল্লেখ করে মাহদী আমিন বলেন, শিশুদের মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে জনসচেতনতা বাড়াতে হবে।