আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আজ রোববার সকালে পুলিশ সদর দপ্তরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশ দেন তিনি।
আইজিপি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।
এ লক্ষ্যে টহল ও চেকপোস্ট কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আইজিপি বলেন, পেশাদারিত্ব, মেধা ও দূরদর্শিতার সঙ্গে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
আইজিপি বলেন, দেশের ভেতর ও বাইরে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচারে প্রভাবিত না হয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।