বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর বিচারের কাগজ চেয়েছে যুক্তরাষ্ট্র

বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরীর বিচারের কাগজপত্র চেয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে তাকে ফিরিয়ে দেয়ার প্রসঙ্গ উঠলে পররাষ্ট্রমন্ত্রীর কাছে এ প্রস্তাব দেন সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি। দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে।

জাতির পিতার আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে গেলে তাকে ফিরিয়ে দিতে ট্রাম্পের হাতে চিঠি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কিছু দিনের মধ্যেই সাড়া দিল মার্কিন প্রশাসন। তিনদিনের সফরে এসে আব্দুল মোমেনের কাছে রাশেদ চৌধুরীর বিচারের নথিপত্র চান এলিস ওয়েলস। মন্ত্রী বললেন, আইনের শাসণ প্রতিষ্ঠার লক্ষেই রাশেদ চৌধুরীকে ফেরত চাওয়া হয়েছে।

বৈঠকে, বঙ্গোপসাগরের নিরাপত্তা সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা জানান এলিস।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস বলেন, আমরা বঙ্গোপসাগরে দুই দেশের সামরিক সহায়তা সম্পর্কের বিস্তৃতি ঘটাতে চাই। দুর্যোগকালীন মানবিক সহায়তার পাশাপাশি সমুদ্র ব্যবস্থাপনায় আমাদের সেনাবাহিনীর দীর্ঘ ঐতিহ্য রয়েছে। সুতরাং বঙ্গোপসাগরে টহল নৌযানের মাধ্যমে নজরদারি চালানোর ক্ষেত্রে আমরা সাহায্য করতে পারি।

তবে এ বিষয়ে কোন আলোচনা হয়নি বলে দাবি পররাষ্ট্রমন্ত্রীর। তিনি বলেন, অ্যাডভান্সড মিলিটারি হার্ডওয়্যার বা অত্যাধুনিক সমরাস্ত্র সংক্রান্ত কোন প্রস্তাবই দেয়নি দেশটি। তবে রোহিঙ্গা ইস্যু ও বিনিয়োগ বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গেও বৈঠক করেন এলিস ওয়েলস। এসময় মানবাধিকার লঙ্ঘন ও বিচারবর্হিভূত হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়।

/এইচ.এ/