নতুন সড়ক আইন সংস্কারের দাবিতে আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন শ্রমিক ফেডারেশনের নেতারা। সংগঠনটির সভাপতি শাজাহান খান জানিয়েছেন, সেখানে উত্থাপন করা হবে, শ্রমিক নেতাদের দেয়া সংশোধনী প্রস্তাবগুলো। তারপরই জানানো হবে চূড়ান্ত সিদ্ধান্ত। নতুন আইনে শ্রমিকরা ভীত বলেও জানান তিনি।
সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন আইন কার্যকরের পর, বেশকটি ধারা নিয়ে আপত্তি জানায় পরিবহন শ্রমিকরা। অঘোষিত ধর্মঘটে বন্ধ থাকে দূরপাল্লার বাস চলাচল। সড়কে নেমে হেনস্তা হন চালক-পথচারী। দুর্ভোগ ওঠে চরমে।
এ অবস্থায় আইন সংস্কারের দাবিতে বর্ধিত সভা ডাকে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। দ্বিতীয় দিনের বৈঠক শেষে, সংগঠনের কার্যকরী সভাপতি শাজাহান খান দাবি করেন, তাদের হস্তক্ষেপেই বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
নতুন আইনে শ্রমিকদের স্বার্থ উপেক্ষিত হয়েছেও অভিযোগ তার। ২শো ৩৩ সংগঠন নিয়ে গঠিত ফেডারেশনের দুদিনের বৈঠকে যেসব সংস্কারের প্রস্তাব এসেছে তা নিয়ে টাস্কফোর্স ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে বলেও জানান শাজাহান খান।
এর আগে একই দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনে থাকা ট্রাক ও পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতারা। পরে আইন সংশোধনের আশ্বাস স্থগিত হয় ধর্মঘট।
//এম-এম//