সব শিক্ষা প্রতিষ্ঠানে মুজিববর্ষের অনুষ্ঠান স্থগিত

কভিডের কারণে সব শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। টুঙ্গিপাড়াও শিশু সমাবেশ হবে না। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠান টিভি চ্যানেলগুলোতে একযোগে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।

সোমবার জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী কামাল আব্দুর নাসের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর সব অনুষ্ঠান বাতিলের ঘোষণা দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। সোমবার সচিবালয়ে তিনি এ ঘোষণা দেন।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, মঙ্গলবার দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে শেখ হাসিনার লেখা চিঠি পাঠের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু কভিডের কারণে ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করায় এ অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে, প্রধানমন্ত্রীর লেখা চিঠি শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়া হবে বলে জানান তিনি।

এদিকে কামাল আব্দুর নাসের বলেন, শিক্ষার্থীদের সুরক্ষার কথা বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আয়োজন স্থগিত করা হয়েছে। টুঙ্গিপাড়ার অনুষ্ঠানেও শিশু সমাবেশ বাতিল করা হয়েছে।

কামাল আব্দুর নাসের জানান, বঙ্গবন্ধুর জন্মক্ষণ রাত ৮টায় সোহরাওয়ার্দী উদ্যানে আতশবাজির মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে।
সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ রেহানা ও রাষ্ট্রপতি বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কবিতা আবৃত্তি করবেন। কবিতাটি লিখেছেন শেখ রেহানা। অনুষ্ঠানটি রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।

সোহরাওয়ার্দী উদ্যানে রাত ৮টায় আতশবাজির মাধ্যমে উদ্বোধন করা হবে। এরপর, জাতীয় সঙ্গীতের মাধ্যমে সংসদ ভবন থেকে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। গণভবনে বিকাল ৫টায় স্মারক ডাক টিকিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর থিম সংয়ে শেখ রেহানা সরাসরি কণ্ঠ দেবেন বলে জানান কামাল আব্দুর নাসের।

//কেএমআর//