'করোনা রোধে আরো জনপ্রতিনিধিদের সম্পৃক্তের আহ্বান'

নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) বিস্তার রোধে আরো বেশি সংখ্যায় স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গণভবনে করোনাভাইরাস প্রতিরোধে গঠিত এক জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটির বৈঠকে তিনি এমন আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণঘাতী এই ভাইরাসটির বিস্তার রোধের পাশাপাশি আক্রান্তদের চিকিৎসা সেবার বিষয়ে নানা দিক নির্দেশনা দেন। ওই বৈঠকে দেশে করোনা মোকাবিলায় গৃহীত পদক্ষেপগুলোও পর্যালোচনা করা হয়।

কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মাদ শহীদুল্লাহ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম এবং কমিটির অন্য সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।

দেশে করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার গত ১৯ এপ্রিল ১৭ সদস্য বিশিষ্ট একটি জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটি গঠন করেন।

/এসআইএস/