ফরিদপুরের সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সনকে আইনের আওতায় এনে বিচার করার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। ভোটের মাঠে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে গালি ও হুমকি দেওয়ার অভিযোগে অ্যাসোসিয়েশন এ দাবি জানায়।
বুধবার অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এবং মহাসচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
এর আগে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) অতুল সরকার ওই ঘটনা মন্ত্রিপরিষদ বিভাগকে জানালে সেটি নির্বাচন কমিশনে পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ। এ অবস্থায় ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করবে বলে নির্বাচন কমিশন জানানোর পর প্রশাসনিক কর্মকর্তাদের সংগঠনের বিজ্ঞপ্তি এল।
বিজ্ঞপ্তিতে ঘটনার বিবরণ তুলে বলা হয়, ডিসিকে অত্যন্ত মানহানিকরভাবে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হুমকি এবং অনুসারীদের দিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ স্লোগান দিতে উৎসাহিত করা একজন সাংসদ অথবা একজন সুস্থ মানসিকতাসম্পন্ন ভদ্রলোকের পক্ষে অকল্পনীয়। এ ছাড়া ইউএনও একজন নারী কর্মকর্তা হওয়া সত্ত্বেও একজন সাংসদ যে ধরনের অশালীন ও কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেছেন, তা বাঙালি সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি চরম অবমাননাকর।'
এতে আরো বলা হয়, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জেলা ও উপজেলা পর্যায়ে জনগণের পাশে থেকে উন্নয়ন, আইন-শৃঙ্খলা, ভূমি ব্যবস্থাপনা, নির্বাচন, পরীক্ষা পরিচালনা, দুর্যোগকালে ত্রাণ বিতরণ ইত্যাদি কাজ করতে হয়। এরূপ মানহানিকর ও অশোভন উক্তি তাদের কর্মস্পৃহায় প্রতিবন্ধকতা সৃষ্টি এবং হতাশ করে। অ্যাসোসিয়েশন এই মানহানিকর ও অশোভন উক্তির তীব্র নিন্দা জানায় এবং তা যথাযথ অনুসন্ধান করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি জানায়।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসক ও নির্বাচনী দায়িত্ব পালন করা কর্মকর্তাদের হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ উঠে নিক্সনের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বতন্ত্র এই সাংসদের ফোন কলের অডিও ছড়িয়ে পড়লে সমালোচনায় পড়েন তিনি।
অবশ্য গালিগালাজের যে অডিও ছড়িয়েছে, সেটি বানোয়াট বলে দাবি করেছেন মুজিবর রহমান চৌধুরী। গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে সাংসদ দাবি করেন, হুমকি দেওয়ার যে অডিও ভাইরাল হয়েছে, তা 'সুপার এডিটেড'।