খালেদাকে বিদেশে পাঠানোর আইনি উপায় খতিয়ে দেখা হচ্ছে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার কোন সুযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার আইনজীবীদের এক প্রশিক্ষণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এসময় তিনি জানান, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিক ভাবে দেখছে সরকার। অনুষ্ঠানের পর এক সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “আমাদের কথা হচ্ছে, আইনের যেন কোনো ব্যত্যয় না হয়। আগে যে রকম করা হয়েছিল, সেটা সঠিক।

“কিন্তু এখানে যখন অনেক আবেদন এসেছে, আইনজীবীদের কাছ থেকেও আবেদন এসেছে। সেজন্য কিছু করা যায় কি না, সেটার কোনো উপায় আছে কি না, সব দিক দেখেই এটার একটা সুচিন্তিত সিদ্ধান্তে আসাটা আমার মনে হয় সমীচীন। সে জন্য আমরা একটু সময় নিচ্ছি।”

এর আগে গত ২০ নভেম্বর আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে যত বড় চিকিৎসক তারা (বিএনপি ও খালেদা জিয়ার পরিবার) আনতে চায়, তা আনতে পারে। এতে সরকার কোনো বাধা দেবে না।

খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে গত ২৫ নভেম্বর থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো আট দিনের কর্মসূচি পালন করে।

গত ১৩ নভেম্বর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন। তিনি লিভার সিরোসিসে আক্রান্ত। চিকিৎসকেরা জানান, তাঁর চিকিৎসার জন্য গঠিত হাসপাতালের মেডিকেল বোর্ড অবিলম্বে তাঁকে বিদেশে উন্নত সেন্টারে নিয়ে চিকিৎসার সুপারিশ করেছে।


/জে পি/