নির্বাচন কমিশনের অধীনে আর থাকছে না জাতীয় পরিচয়পত্র। এনআইডি তৈরির কর্তৃত্ব দেওয়া হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগকে। তারা জন্মের পরপরই শিশুকে দেবে এনআইডি। সোমবার মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। পরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, জন্মের পরই জাতীয় পরিচয়পত্র এনআইডি দেওয়ার বিধান রেখে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০২২ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একইসঙ্গে এ আইন অনুযায়ী এনআইডি সেবা নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কাছে চলে যাবে। এজন্য আইনটির বেশ কয়েকটি ধারা সংশোধনের জন্য এটি আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ১৮ বছরের বেশি বয়সীদের তথ্য নির্বাচন কমিশনের কাছে চলে যাবে। নির্বাচন কমিশন এ তথ্য কাজে লাগাতে পারবে। প্রয়োজনে আলাদা ডাটা তৈরিও করতে পারবে তারা।
তবে আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এনআইডি কর্তৃপক্ষ হিসেবে নির্বাচন কমিশনই কাজ করবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
/এম.এস/