শহীদ মিনারে জাফরুল্লাহ চৌধুরীকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের সংগঠক ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এর আগে সকাল ১০টার দিকে তার মরদেহ বারডেমের হিমাগার থেকে সেখানে নিয়ে যাওয়া হয়।

সেখানে দুপুর ১টা পর্যন্ত চলবে শ্রদ্ধা নিবেদন। কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয়ভাবেও ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে সম্মান জানানো হবে। পরে দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে হবে তার প্রথম জানাজা।

এর পর শুক্রবার সকাল ১০টায় সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে হবে আরেকটি জানাজা। এ ছাড়া সাভারে বাদ জুমা হবে আরও একটি জানাজা।

তবে হাসপাতালে মরণোত্তর দেহদানের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি ডা. জাফরুল্লাহ চৌধুরীর পরিবার।

মঙ্গলবার রাত ১১টার দিকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন।

/এম.এস/