ত্যাগ ও শোকের প্রতীক পবিত্র আশুরা

পবিত্র আশুরার প্রস্তুতি নিচ্ছে শিয়া সম্প্রদায়ের অনুসারীরা, ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনের ফুটেজ থেকে সংগৃহীতআজ ১০ মহররম, পবিত্র আশুরা। ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে হিজরি সনের এই দিনে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে মুসলিম বিশ্বে পালিত হয় দিনটি।

সারা দেশে পবিত্র আশুরা  উপলক্ষে আজ শনিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দিনটির তাৎপর্য তুলে ধরে পৃথক বাণী দিয়েছেন। আজ দুপুরে বায়তুল মোকাররমে ‘পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

৬১ হিজরির এই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসাইন এবং তাঁর পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। তাই মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে দিনটি পালিত হয়।

দিনটি পালনে ঢাকার বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। আচার-অনুষ্ঠানে অংশ নিতে সকালে ইমামবাড়ায় জড়ো হন শিয়া সম্প্রদায়ের লোকজন।

এদিকে নিরাপত্তার কারণে মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আঁতশবাজি ও পটকা ফোটানোতে নিষেধাজ্ঞা জারি করেছে ডিএমপি।