অলীন বাসারের নতুন উপন্যাস ‘আয়নার ওপাশে’র মোড়ক উন্মোচন

নটর ডেম কলেজের শিক্ষার্থী অলীন বাসারের নতুন উপন্যাস ‘আয়নার ওপাশে’র মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ কলেজের উন্মুক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, সহপাঠী, বন্ধু ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।

বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স। এর প্রচ্ছদ এঁকেছেন প্রসূন হালদার। প্রকাশনা উৎসবের আয়োজন করে নটর ডেম লেখককুঞ্জ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অল্প বয়সেই অলীন বাসার লেখালেখিতে অনন্য দক্ষতার পরিচয় দিয়েছেন। তার লেখায় ফুটে ওঠে কল্পনাশক্তি, সূক্ষ্ম পর্যবেক্ষণ ও সৃজনশীলতার স্বাক্ষর। গল্পের বই হাতে বড় হওয়ার বয়সেই তিনি নিয়মিত লিখে যাচ্ছেন। মাত্র ১৭ বছর বয়সেই তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা দাঁড়িয়েছে ১৫টি।

অলীন বাসারের বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে— ‘আয়নার ওপাশে’, ‘ধর্মব্যাধি’, ‘বল্টুদের দেয়াল ঘড়ি’, ‘নীলরত্নের রাজ্যে মিনু’, ‘চক্র’, ‘পেটুক শিয়াল’, ‘কালো ঘোড়া’, ‘বাঘের গর্জন’, ‘বিড়াল পণ্ডিত’, ‘গোরস্তানে বিয়ে’, ‘পালোয়ানের হার’, ‘ভূতের টিউশনি’, ‘ভুতুম’, ‘ভুতুড়ে’ এবং ‘অন্ধকারে ভূতের ছায়া’।