কথাসাহিত্যিক মকবুলা মনজুর আর নেই। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় উত্তরায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
শুক্রবার রাতে লেখিকা সংঘের সভাপতি দিলারা মেসবাহ মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
মকবুলা মনজুর লেখালেখির পাশাপাশি সাংগঠনিকভাবে লেখিকা সংঘের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি এ সংগঠনের উপদেষ্টার দায়িত্বে ছিলেন। পারিবারিকভাবে তার দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান দিলারা মেসবাহ।
লেখিকা সংঘের সভাপতি বলেন, মকবুলা মনজুর দেশের একজন অগ্রগণ্য সাহিত্যিক। তিনি বেঁচে থাকবেন তার কাজ দিয়ে। লেখিকা সংঘে তিনি দীর্ঘদিন উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। আমাদের নানা বিষয়ে পরামর্শ দিয়েছেন।
মকবুলা মনজুরের দুই ছেলে ও দুই মেয়ে। তাদের তিনজন বিদেশে বসবাস করেন। তার স্বামীর নাম মনজুর হোসেন।
সাহিত্যে অবদানের জন্য মকবুলা মনজুর ২০০৫ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। তিনি ১৯৩৮ সালের ১৪ সেপ্টেম্বর সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন।