বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 'আমরা দেখে নেব, কারা অলিগলি দখলে নেবে।' তিনি বলেন, 'আমরা সতর্ক পাহারায় আছি। আক্রমণ করব না। কিন্তু আক্রমণ করলে পাল্টা আক্রমণ করা হবে।'
রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও দলের নির্বাচিত জনপ্রতিনিধি এবং সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর -দক্ষিণ, ঢাকা জেলার সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় আজ বুধবার এসব কথা বলেন ওবায়দুল কাদের।
এর আগে বুধবার দুপুরে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 'সোজা কথা, আমরা সমাবেশ করবো। নয়াপল্টনে বসার কথা সেখানে আমরা না বসলে সারা ঢাকার অলি-গলিতে ছড়িয়ে পড়বে। যার যা আছে তা নিয়ে। দেখবেন প্রত্যেক মানুষ ঘরের দরজা খুলে দিয়ে রাস্তায় নেমে আসবে।' এর উত্তরেই ওবায়দুল কাদের এই হুঁশিয়ারি দেন।
২৮ অক্টোবর মহাসমাবেশ প্রসঙ্গে কাদের বলেন, 'আমরা সতর্ক পাহারায় আছি। আক্রমণ করব না। কিন্তু আক্রমণ করলে পাল্টা আক্রমণ করা হবে। অপশক্তিকে রুখতে হবে। এরা ক্ষমতায় গেলে দেশটাকে গিলে খাবে।'
একটা নির্বাচনই লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য দেশকে অপশক্তি মুক্ত করা। বাইরের কে কি বলছেন, তা শোনার কোন দরকার নেই। নির্বাচন চলে যাবে কিন্তু অপশক্তি রয়ে যাবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
একুশে আগস্ট, পনেরো আগস্টের ধারাবাহিকতা- এটা মনে রাখতে বলেন কাদের। বলেন, 'একাত্তরের বিজয়ের শত্রু বিএনপিকে পরাজিত করতে হবে, নইলে বিজয় সংহত হবে না। এরা বারবার আমাদের বিজয়কে রক্তাক্ত করেছে।'
মতবিনিময় সভায় দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, 'প্রতি পাড়া, মহল্লা ওয়ার্ড থেকে মিছিল এনে লাখ লাখ মানুষ নিয়ে ২৮ তারিখ সারা দিন পাহারা দিয়ে আবারও জানিয়ে দেওয়া হবে, এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ। তিনি বলেন, 'সমাবেশের নামে অন্যথা করতে চাইলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। যেমন কুকুর, তেমন মুগুর-এটা মনে রাখতে হবে।'
দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, 'সমাবেশ করবেন ভালো কথা, কোনো চক্রান্ত করার চেষ্টা করবেন না। নৈরাজ্য করার চেষ্টা করলে দমন কীভাবে করতে হয় তা আওয়ামী লীগের জানা আছে।'
এ সময় দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম জানান, ২৮ অক্টোবর আওয়ামী লীগের সমাবেশ শুরু হবে বেলা ১২টায়, শেষ হবে বিকেলে বা সন্ধ্যায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের মধ্য দিয়ে।