বিরোধীরা জোট না করলে আওয়ামী লীগও করবে না: কাদের

বিরোধীরা জোট না করলে আওয়ামী লীগও জোট করবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, বিরোধীপক্ষের জোট না থাকলে আগামী নির্বাচনে আওয়ামী লীগ জোটগতভাবে নির্বাচন করবে না। আর আওয়ামী লীগ জোট করলেও তাদের সাথেই করবে যাদের মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে।

বিএনপি নির্বাচনে আসছে না, সেক্ষেত্রে জোটের সমীকরণ কেমন হবে—জানতে চাইলে কাদের বলেন, প্রয়োজন না থাকলে জোট হবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নতুন পুরোনো মিলিয়ে মনোনয়ন দেওয়া হচ্ছে। যারা জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে, তাদের এবার মনোনয়ন দেওয়া হচ্ছে না।

শনিবার দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের শেষ দিনের সভায় চূড়ান্ত করা হয় কয়েকটি বিভাগের নৌকার মাঝি। আজকের বৈঠকের মধ্য দিয়ে ৩০০ আসনে আওয়ামী লীগের প্রার্থী নির্ধারণ করা হয়।

৩০০টি সংসদ আসনের বিপরীতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম নিয়েছেন ৩ হাজার ৩৬২ জন প্রার্থী। আগামীকাল রোববার সকালে এসব প্রার্থীদের নিয়ে গণভবনে মতবিনিময় করবেন দলের সভাপতি শেখ হাসিনা। আর বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে ৩০০ আসনে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।