বিএনপি নেতা শাহজাহান ওমর ভোট করছেন নৌকা প্রতীকে

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে নৌকা প্রতীকে টিক দিয়ে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার এম শাহজাহান ওমর। 

মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার মোহা. আব্দুস সালেক।

অনলাইনে মনোনয়নপত্র দাখিলের পর ঢাকায় নিজ বাসভবনে সংবাদমাধ্যমকে শাহজাহান ওমর বলেন, ‘গত ১৭ বছর ধরে এলাকার কোনো কাজ করতে পারিনি। এলাকাবাসীর কাছে অনেক দায়বদ্ধতা আছে সেই জায়গা থেকেই নির্বাচনে যাওয়া।’

এসময় খালেদা জিয়া ও বিএনপির নির্বাচন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'হ্যা, আমি খালেদা জিয়ার মুক্তি চাই এখনও। বেটার অপশন রেখে আমি কেনো স্বতন্ত্র প্রার্থী হব?  আমি মনে করি ১৪ ও ১৮ তে বিএনপির নির্বাচনে যাওয়া উচিত ছিল। এবারও যাওয়া উচিত বলে আমি মনে করি।' 

শাহজাহান ওমর আরও বলেন, 'আমি নির্বাচনে যেতে চাই, সে যে মার্কায় হোক। যেখানে আওয়ামী লীগ যখন নৌকায় মনোনয়নের প্রস্তাব করছে, সেখানে আর প্রশ্ন কি? আমি স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করছি।'

এদিকে শাহজাহান ওমরকে ঝালকাঠি–১ আসনে মনোনয়ন দেওয়া  হয়েছে বলে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

গত রোববার ২৯৮ আসনে প্রার্থী চূড়ান্ত করার ঘোষণা দেয় আওয়ামী লীগ। এ সময় ঝালকাঠি–১ আসনে মনোনয়ন দেওয়া হয়েছিল বজলুল হক হারুনকে।

এই আসনে শাহজাহান ওমর ছাড়াও মনোনয়নপত্র জমা দিয়েছেন বজলুল হক হারুন, এজাজুল হক (জাপা), মামুন সিকদার সাংস্কৃতিক মুক্তিজোট (ঘুড়ি), জসিম উদ্দিন কালুকদার (তৃণমূল), আবু বকর সিদ্দিক (জাকেরপার্টি), স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনিরুজ্জামান মনির, নুরুল আলম, মোহাম্মদ ইমাইল হোসেন, মুজিবুর রহমান ও আবুল কাশেম ফখরুল ইসলাম। 

উল্লেখ্য, গত ৪ নভেম্বর রাতে বাসে আগুন দেওয়ার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গত বুধবার জামিন পেয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান তিনি।