উপজেলায় নৌকা না রাখা সরকারের আরেকটি পরাজয়: মঈন খান 

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক ব্যবহার থেকে সরে আসার সিদ্ধান্ত সরকারের আরও একটি পরাজয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আজ মঙ্গলবার সকালে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান দাবি করে বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে জনগণের অংশগ্রহণ কম থাকায় উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঈন খান বলেন, গত ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনে আওয়ামী লীগের নৈতিক পরাজয় হয়েছে। জনগণের সমর্থন ছাড়া আবারও ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভাটির আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল। সভায় বক্তারা বাংলাদেশ গঠনে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন।