এমপি আনারের মৃত্যুর পেছনে দুর্নীতি-লুটপাটের সম্পর্ক আছে কিনা প্রশ্ন ফখরুলের

ভারতে গিয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের অস্বাভাবিক মৃত্যুর পেছনে দুর্নীতি-লুটপাটের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এমনটি বলেন তিনি। 

বিএনপির মহাসচিব বলেন, ‘রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে গোটা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার। সেনাপ্রধানকে সরকার নিজেদের মতো ব্যবহার করার কারণে নিষেধাজ্ঞা আসছে, এটি দেশের জন্য লজ্জার। বিভিন্ন বাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে বলেই নিষেধাজ্ঞা আসার পরও তাদের পক্ষেই থাকে সরকার।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আজকের জবরদখলকারী সরকার জিয়ার নাম ইতিহাস থেকে মুছে ফেলতে চায়। জিয়াকে খলনায়ক বানাতে ইতিহাস বিকৃত করা হচ্ছে। জিয়া কখনো বাকশালের ফরম পূরন করেননি, আওয়ামী লীগ এমন মিথ্যাচার করে ইতিহাস মুছে ফেলতে চায়। বরাবরই এরা গণতন্ত্রের কথা বলে গণতন্ত্র ধ্বংস করেছে। মূলত জিয়া গণতন্ত্রের সূচনা করে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছেন।’