ভারতের সঙ্গে করা চুক্তিগুলো দেশের স্বার্থবিরোধী: ফখরুল 

ভারতের সঙ্গে করা চুক্তিগুলো দেশের স্বার্থবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে খালেদা জিয়ার গুলশানের কার্য়ালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভারত সফরে করা চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব। 

ভারতের সাথে দশটি চুক্তি ও সমঝোতা স্মারক হওয়ায় উদ্বেগ জানিয়ে ফখরুল বলেন, এসবের সুবিধা পাবে ভারত। তিস্তাসহ অভিন্ন নদীর পানি বন্টনের চুক্তি না করা, সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধ না করায় দেশের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে। 

ফখরুল দাবি করেন, কানেক্টিভিটির নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে রেল যোগাযোগ, ডাক ও টেলিযোগাযোগ সমঝোতাসহ সবকটি সমঝোতা স্মারকে ভারতকে সুবিধা দেওয়া হলেও বাংলাদেশের স্বার্থ রক্ষা করা হয়নি। সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশকে ভারতের ওপর নির্ভরশীল করে ফেলা হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

২৮ জুন সংবাদ সম্মেলনে ভারতের সঙ্গে করা চুক্তি নিয়ে দলের বিস্তারিত অবস্থান তুলে ধরা হবে বলেও জানান বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।