হাইকোর্টে সাংবাদিকদের ওপর হামলা: স্বেচ্ছাসেবকদলের মেহেদী হাসান বহিষ্কার

হাইকোর্টে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবকদল থেকে ঈশ্বরদী উপজেলা শাখার সদস্য সচিব মো. মেহেদী হাসানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ বুধবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবনা জেলাধীন ঈশ্বরদী উপজেলা শাখার সদস্য সচিব মো. মেহেদী হাসান-কে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। দলের নেতাকর্মীদের তার সাথে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হলো। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।’

এদিকে হাইকোর্টে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সাংবাদিক জাবেদ আখতারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর কাছে ঘটনার বিস্তারিত শুনেছেন, সহানুভূতি প্রকাশ করেছেন।

জাবেদ আখতারসহ সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ দলীয় ব্যবস্থা নেবার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।