নির্বাচনের প্রসঙ্গ আসলে সরকারের কেউ কেউ বিচলিত বোধ করেন: তারেক রহমান

নির্বাচনের প্রসঙ্গ আসলে সরকারের কেউ কেউ বিচলিত বোধ করেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি বলেন, ‘এর সুফল পাবে সাবেক স্বৈরাশাসক ও তাদের সহযোগীরা।’

আজ মঙ্গলবার বিকেলে তিস্তা পাড়ে ৪৮ ঘন্টার তিস্তা বাঁচাও আন্দোলনের সমাপনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

নির্বাচন নিয়ে সরকারের উপদেষ্টার ভিন্ন ভিন্ন বক্তব্য ফ্যাসিবাদীদের বিশৃঙ্খলা তৈরির সুযোগ করে দিচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তিস্তা নদী বাঁচাতে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির’ ব্যানারে ৪৮ ঘণ্টার কর্মসূচি পালন করছে বিএনপি। তিস্তা রেলসেতু ও সড়ক সেতুর লালমনিরহাট এলাকা ও ১১টি স্থানে লাখো মানুষ এই কর্মসূচিতে অংশ নেয়। দ্বিতীয় দিনে সমাপনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

তিনি বলেন, আওয়ামী লীগ গত পনের বছরে ভারতের কাছ থেকে ন্যায্য পানির হিস্যা আদায় করতে পারেনি। শেখ হাসিনার পররাষ্ট্র নীতিতে নতজানু উল্লেখ করে তিনি বলেন, দেশের স্বার্থে রক্ষা না করে তিনি নিজেকে ভারতের সেবাদাসীতে পরিণত করেছিলেন। বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তারেক রহমান।

তিনি বলেন, ভারত যদি পানির ন্যায্য হিস্যা না দেয়, তিস্তা চুক্তি না করে জাতিসংঘসহ সব আন্তর্জাতিক অঙ্গনে দাবি তুলে ধরা হবে। পানির হিস্যা আদায়ে ভারতের সঙ্গে আবারো কুটনৈতিক আলোচনা শুরু করার পরামর্শও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।