বাহাত্তরের চার মূলনীতি বাতিলের দাবি এনসিপির

সংবিধান সংশোধনে গণভোট চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার জাতীয় ঐকমত্য কমিশনে সঙ্গে বৈঠক শেষে এ অবস্থান তুলে ধরেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। 

নাহিদ ইসলাম জানান, ঐকমত্য কমিশনের কাছে বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি বাতিলের দাবি জানানো হয়েছে। তার দাবি, চার মূলনীতির মাধ্যমে জাতির ওপর দলীয় মূলনীতি চাপিয়ে দেওয়া হয়েছিল। 

নাহিদ ইসলাম বলেন, ‘সংবিধানে জাতীয় ঐকমত্যের জায়গা আসলে থাকা উচিত ছিল। কোনো নির্দিষ্ট দল বা জনগোষ্ঠীর আদর্শ বা মূলনীতি এখানে থাকার সুযোগ নেই। আমরা প্রশ্ন করেছি ঐকমত্য কমিশনের কাছে যে, মূলনীতি কাঠামোর বাহিরেও আমরা সংবিধানকে ভাবতে পারি কিনা।’

এনসিপি আহ্বায়ক জানান, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সুপারিশ করেছে তার দল। এছাড়া একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি হতে পারবেন না। বিচার বিভাগের আলাদা সচিবালয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কথা বলেছে নতুন এই দলটি। 

ঐকমত্য কমিশনের ১৬৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে ১২৯টিতে একমত হয়েছে এনসিপি। 

এর আগে, বৈঠকের শুরুতে নাহিদ ইসলাম বলেন, কোনো দলকে ক্ষমতায় বসাতে জুলাই গণঅভ্যুত্থান হয়নি। রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারের উদ্দেশ্যেই অভ্যুত্থান। 

এসময়, ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ জানান, এনসিপি নেতারা স্বৈরশাসককে পালাতে বাধ্য করেছে, জাতি তাদের অবদান স্মরণ করবে।