ইলিয়াস-শওকতের নেতৃত্বে এল নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’

জনতা পার্টি বাংলাদেশ নামে আরেকটি নতুন দল আত্মপ্রকাশ করেছে। দলটির চেয়ারম্যান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম মুখ ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব সাবেক বিএনপি নেতা শওকত মাহমুদ। শওকত মাহমুদ জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে দলটির আত্মপ্রকাশ ঘটে। দলটির অন্যান্য পদে বিএনপির সাবেক নেতা ও কয়েক জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আছেন।

মুক্তিযুদ্ধ ও ২৪-এর চেতনায় বিশ্বাসী এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠাই লক্ষ্য নিয়ে গড়ে ওঠা দলটির স্লোগান—গড়ব মোরা ইনসাফের বাংলাদেশ।

নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশের আত্মপ্রকাশ। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশননতুন দল গঠন প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি অনেক দিন ধরেই জনসেবা করছি, রাজনীতি নতুন কিছু না। এবার সেটা একটা সংগঠিত কাঠামোর মধ্যে আনছি।’ আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছি এবং দেশের ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে।’

অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির নাম উপস্থাপন করেন ইলিয়াস কাঞ্চন। 

শেখ হাসিনা সরকারের পতনের পর এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সাড়ে ছয় মাসে দেশে প্রায় ২২টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।