বিএনপিকে ইঙ্গিত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, ‘যে দল নিজের কর্মীদের সামাল দিতে পারে না, তাদের কাছে দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়।’ বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ স্মরণে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, ‘যে দল নিজের কর্মীদের সামাল দিতে পারে না, তাদের কাছে কেবল দেশ নয়; দেশের কোনো মানুষও নিরাপদ নয়। জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে প্রতিবেশী কোনো দেশ অগ্রাধিকার পাবে না। আভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশকে নাক গলাতে দেওয়া হবে না।’
ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘জামায়াতে ইসলামী আশা করে আগামী বছরের প্রথমে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এর আগে কিছু মৌলিক সংস্কার হতে হবে। এছাড়া আগের মতো নির্বাচন হলে তা জাতির জন্য দুঃখের ও বেদনার কারণ হবে।’
জামায়াতের নেতাকর্মীরা শহিদ পরিবারের কাছে ছুটে গিয়েছে উল্লেখ করে দলটির আমির বলেন, ‘প্রত্যেক শহীদের প্রোফাইল তৈরি করা হচ্ছে। শতভাগ যাচাই–বাছাই করে এটি করা হচ্ছে। এখানে যাতে কোনো বিতর্ক না থাকে সে ব্যবস্থাই করা হচ্ছে। এটি কোনো দলীয় কাজ ছিল না। এটা সরকারের কাজ ছিল। সরকার শহীদের রক্তের উপর বসেছে।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘শহীদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে জামায়াত। দলের সামর্থ্য অনুযায়ী প্রত্যেক শহীদ পরিবারকে সহযোগিতা করা হচ্ছে। জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়ানো হচ্ছে। তাদের দুঃখের কথা শোনা হচ্ছে। এভাবে জামায়াতের কর্মীরা নৈতিক দায়িত্ব থেকে মানবিক কাজগুলো করে যাচ্ছে।’
সিলেট মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম। এতে জামায়াতের কেন্দ্রীয় নেতারাসহ জেলা ও মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া সিলেট থেকে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের অনেক সদস্য ও আহত যোদ্ধারাও আলোচন সভায় উপস্থিত ছিলেন। পরে জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।