জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের কক্সবাজার সফর বা কোনো দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক হওয়া স্বাভাবিক, তবে তা গণমাধ্যমকে না জানিয়ে লুকোচুরি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার সকালে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত স্কুলটির সহকারী মাসুমা বেগমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘এনসিপির কিছু নেতা কক্সবাজারে গিয়েছেন। আপনারা যেতেই পারেন। অসুবিধার কিছু নেই। সেখানে যদি কোনো কূটনীতিকের সঙ্গে আপনাদের আলাপ-আলোচনা যদি হয়, হওয়ার যদি প্রোগ্রাম থাকে সেটা হতেই পারে। কিন্তু মানুষের সংশয় হচ্ছে, সন্দেহ হচ্ছে। জনগণ চায়, যারা গণতন্ত্র ফেরানোর আন্দোলনে কাজ করেছে, তাদের প্রত্যেকটি ক্ষেত্রে স্বচ্ছতা থাকবে।’
রিজভী জানান, মাইলস্টোন স্কুলের শিক্ষিকা মাহরিন চৌধুরী ও মাসুমা বেগমরা ছাত্রদের বাঁচাতে গিয়ে নিজেদের জীবন বিলিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন।
এ সময়, রমজানের আগে নির্বাচনের সময় ঘোষণা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচিত সরকার হলে দেশে স্বচ্ছতা এবং সকল ধরনের ষড়যন্ত্র কমে যাবে।’